ভোরে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দফায় দফায় বিস্ফোরণ
অনলাইন ডেস্ক
ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপ ও দক্ষিণাঞ্চলীয় বন্দর লেঙ্গেহতে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এসব হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে বিস্ফোরণের খবর প্রকাশ করে ইরানি সংবাদমাধ্যমগুলো। তবে হামলার কারণ, হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে হামলার খবর প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে কয়েকজন মার্কিন কর্মকর্তা এসব অভিযানকে প্রতিরক্ষামূলক বলে বর্ণনা করেছেন। তাঁদের ভাষ্য, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি তৈরি বা জাহাজে হামলার সক্ষমতা অর্জন থেকে ইরানকে বিরত রাখতেই কয়েক সপ্তাহ ধরে দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে সীমিত পরিসরে অভিযান চালাচ্ছে মার্কিন বাহিনী।
এদিকে সোমবার (২ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের সম্ভাবনা খাটো করে দেখানোর চেষ্টা করেন। তিনি বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল। আমরা জিতেছি।’ ট্রাম্প আরও বলেন, এটিকে আদৌ যুদ্ধ বলা যায় কি না, তা নিয়ে তাঁর সংশয় রয়েছে, কারণ কয়েক মাস ধরে কোনো লড়াই হচ্ছে না।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, কেশম দ্বীপে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্সের খবরে বলা হয়েছে, হরমোজগান প্রদেশের উপকূলীয় শহর বন্দর লেঙ্গেহতে সমুদ্রের দিক থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কোনো তথ্য জানায়নি সংবাদমাধ্যম দুটি।
হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার মধ্যেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশ বার্তা আদান-প্রদান করছে। কাতারের মধ্যস্থতায় যোগাযোগ সহজ করতে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি দোহা সফর করেছেন বলেও জানান তিনি।
এর আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল এবং অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইরান। পরে এপ্রিলে যুদ্ধবিরতি চুক্তি হয়। হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে ১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারক সই করলেও প্রণালির নিরাপত্তা নিয়ে মতবিরোধের কারণে এর বাস্তবায়ন থমকে যায়।
টাইম ডেস্ক/এসএ
আন্তর্জাতিক এর আরো খবর
জম্মু-কাশ্মীরে নিখোঁজ দুই ভারতীয় পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
বিবাহবহির্ভূত সন্তান জন্ম, সৌদি আরবে গৃহকর্মীকে ১০০ বেত্রাঘাতের সাজা
গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ সদস্য নিহত
নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যরা